বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সহিংসতায় লিপ্ত বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ থাকার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, তার সরকার এবং কথিত ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে সীমিত পর্যায়ে যোগাযোগ রয়েছে। বিদ্রোহীদেরকে সহযোগিতা করতে তার সরকারের অনুমোদন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
উইলিয়াম হেগ হাউজ অব কমন্সে দেয়া বক্তৃতায় বলেছেন, ব্রিটিশ সরকারের বিশেষ প্রতিনিধি ওই অঞ্চলে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
এর আগে, সিরিয়ার বিদ্রোহীরাও স্বীকার করেছে- সাইপ্রাস থেকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার লোকজন তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। ব্রিটিশ গোয়েন্দাদের এ সহযোগিতা তাদের জন্য বিরাট উপকার বয়ে এনেছে বলেও জানিয়েছিলেন বিদ্রোহী নেতারা।
ব্রিটিশ সরকারের এ যোগাযোগকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার উতখাতের ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। মূলত ব্রিটিশ সরকারের পক্ষে সে দেশের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এসব ষড়যন্ত্র করছে।
কথিত ফ্রি সিরিয়ান আর্মি হচ্ছে একটি বিদ্রোহী গোষ্ঠী যারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে। তবে, এদের বেশিরভাগই হচ্ছে বিদেশি ভাড়াটে সেনা এবং সিরিয়ার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী। ২০১১ সালের জুলাই মাসে ফ্রি সিরিয়ান আর্মি তাদের অস্তিত্ব ঘোষণা করে।
সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলছিল এই বিদ্রোহী গোষ্ঠী সে নিয়মতান্ত্রিক আন্দোলনকে ছিনতাই করেছে এবং দেশকে ভয়াবহ সহিংসতার দিকে নিয়ে গেছে।#
(সূত্র : রেডিও তেহরান)